শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মিশন মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মো. মিনারুন (১৯), দেবীনগর গ্রামের লোকমানের ছেলে মো. শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর গ্রামের আ. কামালের ছেলে মো. আ. করিম (২১) এবং গোদাগাড়ীর মাদবপুর গ্রামের আ. করিমের ছেলে মো. ইউসুফ (২১)।
এ ছাড়া রয়েছেন গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. আলামিন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের মাহাবুব রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও সুরজামানের ছেলে মো. হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে মো. রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০)।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
পরে তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, সীমান্তে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।