নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
অভিযানে উদ্ধার করা সারের মধ্যে রয়েছে ১৯১ বস্তা ডিএপি ও ২৩ বস্তা ইউরিয়া। ডিএপি সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭ হাজার ৫৫০ টাকা এবং ইউরিয়া সারের মূল্য ২৪ হাজার ৫০ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।
জরিমানাপ্রাপ্ত আবুল কালাম আজাদ আঘোর গ্রামের আবু সালামের ছেলে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, “কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অবৈধভাবে সার মজুত করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”