হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগ উঠেছে। এতে ফসলি জমি, চলাচলের রাস্তা ও জনসাধারণের সম্পত্তির ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এক বাসিন্দা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ১৮ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মো. রফিক মিয়া।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের জমির আলীর ছেলে হাদিস মিয়া ও মৃত খালেক মিয়ার ছেলে গিয়াসউদ্দিন অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিভিন্ন স্থানে পরিবহন করছেন। এতে কৃষকদের জমি, জমির আইল ও জনসাধারণের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, লাগাতার মাটি কাটা ও পরিবহনের কারণে বিদ্যালয়গামী শিক্ষার্থী এবং রোগীবাহী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কৃষিজমি থেকে মাটি কাটার ফলে পাশের জমিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কৃষকদের চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাটের ক্ষতি ও পরিবেশদূষণের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে বলে অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে সংশ্লিষ্ট ভূমি অফিসের তহশিলদারকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভূমি ব্যবস্থাপনা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।