স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে সফলভাবে দুটি স্টেন্ট বসানো হয়েছে। একই সঙ্গে আরেকটি ব্লকের চিকিৎসা করা হয়েছে বেলুন ডাইলেশন পদ্ধতিতে। অস্ত্রোপচারের পর বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসকদের একটি দল এ প্রক্রিয়া সম্পন্ন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার পবন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর হৃদ্রোগ বিশেষজ্ঞরা তাঁর এনজিওগ্রাম করেন। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে এ পরীক্ষা সম্পন্ন হয়।
এনজিওগ্রামে মন্ত্রীর হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ব্লকগুলোর চিকিৎসায় এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে রোববার দুটি ব্লকে স্টেন্ট বসানো হয়। অন্য ব্লকটির চিকিৎসায় বেলুনের সাহায্যে রক্তনালি প্রসারিত করা হয়েছে।
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল পুরো চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেন।
এদিকে চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের এক সদস্য জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই দেশে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেন। পরে রাজধানীর ওই হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।