বাংলাদেশের লিচুর বাজার ছড়িয়েছে বিশ্বের ১১টি দেশে। সংযুক্ত আরব আমিরাত, জার্মানি ও যুক্তরাজ্যসহ এসব দেশে লিচু রপ্তানি করে সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী রপ্তানির এই চিত্র তুলে ধরেন।
মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, বাহরাইন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুরে লিচু রপ্তানি হচ্ছে।
লিচুসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও সংসদকে জানান বাণিজ্যমন্ত্রী।