চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে মেডিকেল সেন্টারের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকার নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। এই অঙ্কের বাইরে অতিরিক্ত অর্থ আদায় কিংবা অন্য কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্রতিটি বাংলাদেশ মিশনে প্রবাসীদের তথ্য সংগ্রহ ও অভিযোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে।
বিদেশে কোনো বাংলাদেশি সমস্যায় পড়লে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের চিকিৎসা ও ব্যয়ের বিষয়েও সরকার খোঁজখবর নিয়েছে বলে জানান মন্ত্রী। তাঁদের পরিবারের কাছেও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।
সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতারণার অভিযোগ পেলে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।