দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মোটরসাইকেলসহ মো. হাবিবুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে দিনাজপুরের কোতোয়ালি থানার শালকি দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর বিওপির একটি টহল দল অভিযানটি পরিচালনা করে।
আটক হাবিবুর রহমান কোতোয়ালি থানার মনিপুর গ্রামের বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন-০.৫ (TENSIWIN 0.5) ১৬ পিস এবং একটি হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পরে জব্দ করা মাদকদ্রব্যসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।