ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক জব্দমূল্য ৬০ হাজার টাকা।
হালুয়াঘাট উপজেলার গাবরাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।