১০ বছর একই স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে, কর্মঘণ্টায় অনুপস্থিতির অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টানা ১০ বছর ধরে দায়িত্ব পালন করছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল

2026-11-13T15:55:52+00:00
2026-11-13T15:55:52+00:00
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
১০ বছর একই স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে, কর্মঘণ্টায় অনুপস্থিতির অভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম 
১০ বছর একই স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে, কর্মঘণ্টায় অনুপস্থিতির অভিযোগ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টানা ১০ বছর ধরে দায়িত্ব পালন করছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেল। তবে তাঁর কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত কর্মঘণ্টায় স্বাস্থ্যকেন্দ্র ফাঁকা রেখে বাইরে চলে যান তিনি। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেই স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগও রয়েছে। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। এ সময় কেন্দ্রটি ফাঁকা থাকার ছবি ও ভিডিও ধারণ করা হয়।

স্বাস্থ্যকেন্দ্রটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন মাত্র একজন। ফলে তাঁর অনুপস্থিতিতে বিকল্প কোনো কর্মকর্তা না থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগত প্রয়োজনে বাইরে গেলে সেবা নিতে আসা মানুষ কার কাছে যাবেন, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

স্বাস্থ্যসেবা নিতে আসা আরিফুল নামে এক ব্যক্তি বলেন, “আমি স্বাস্থ্যসেবা নিতে এসে দেখি, চিকিৎসকের চেম্বারে কেউ নেই। অফিস চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কেন কর্মস্থলে অনুপস্থিত, তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।”

এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেলের সঙ্গে কথা হলে তিনি বলেন, “চা খাওয়ার জন্য বাজারে গিয়েছিলাম। অফিসে এসে আমাকে না পেলে একটু ফোন দিয়েন।”

এদিকে, স্বাস্থ্যকেন্দ্রটি ফাঁকা থাকার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়েন সংবাদকর্মী। অভিযোগ রয়েছে, ছবি তোলার কারণ জানতে চেয়ে স্বাস্থ্যকেন্দ্রের এমএলএসএস (অফিস সহায়ক) শামীম হোসেন সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে হেনস্তার চেষ্টা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. খায়রুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, “বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান রাসেলের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে ইতোপূর্বে কেউ আমাকে এভাবে অভিযোগ বা বিষয়টি অবগত করেননি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখব এবং তাঁকে এ বিষয়ে সতর্ক করা হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। দীর্ঘ ১০ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং কর্মঘণ্টায় অনুপস্থিতির অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।

তাঁদের দাবি, বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম সরেজমিনে তদন্ত করে সাধারণ মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: