সেন্টমার্টিনে পর্যটকের ঢল, এক দিনেই গেলেন ১ হাজার ৭৫৪ জন

সারাদেশ

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরুর পর এক দিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন শুক্রবার। এদিন কক্সবাজার থেকে চারটি জাহাজে করে ১ হাজার

2026-11-13T15:49:41+00:00
2026-11-13T15:49:41+00:00
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
সেন্টমার্টিনে পর্যটকের ঢল, এক দিনেই গেলেন ১ হাজার ৭৫৪ জন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরুর পর এক দিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন শুক্রবার। এদিন কক্সবাজার থেকে চারটি জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপটিতে যান। গত ৫ নভেম্বর চলতি মৌসুমে জাহাজ চলাচল শুরুর পর এটিই এক দিনে সর্বোচ্চ পর্যটক যাওয়ার রেকর্ড।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে চারটি জাহাজ ছেড়ে যায়। এদিন প্রথমবারের মতো পর্যটক নিয়ে যাত্রা শুরু করে এমভি মালঞ্চ। জাহাজগুলো দুপুরে দ্বীপে পৌঁছে প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। রাতে সেগুলোর ফিরে আসার কথা।

৩৪৬ আসনবিশিষ্ট কেয়ারি সিন্দাবাদ নামের আরেকটি জাহাজ বহরে যুক্ত হলেও এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। দৈনিক ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার অনুমতি থাকলেও পাঁচটি জাহাজের সম্মিলিত আসনসংখ্যা ৩ হাজার ২৪৪টি।

শুক্রবার ৮৫০ আসনের এমভি বারো আউলিয়ায় সেন্টমার্টিন গেছেন ৫৯৩ জন। ৭৩২ আসনের কর্ণফুলী এক্সপ্রেসে ছিলেন ৫০০ জন এবং একই আসনসংখ্যার এমভি টেকনাফে গেছেন ৪১৯ জন পর্যটক। অন্যদিকে, ৬০০ আসনের এমভি মালঞ্চে ছিলেন ২৪২ জন।

এমভি মালঞ্চের পরিচালক আব্দুস সাত্তার জয় ঢাকাপোস্টকে বলেন, জাহাজটি পুরোপুরি প্রস্তুত করার পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করেই যাত্রী পরিবহন শুরু করেছেন তাঁরা। মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদও জানান তিনি।

তবে দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কিছু পর্যটকের মধ্যে অসন্তোষ রয়েছে। অন্যদিকে, দেশের সর্বদক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপটি সরাসরি দেখার সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বসিত।

মাদারীপুরের কালকিনি থেকে পরিবার নিয়ে সেন্টমার্টিন যাচ্ছেন সৈয়দুল হক। তিনি বলেন, ভিডিওতে দ্বীপটির সৌন্দর্য দেখেছেন। এবার প্রথমবারের মতো সেখানে যাচ্ছেন। সমুদ্রপথে এই ভ্রমণ তাঁর কাছে রোমাঞ্চকর মনে হচ্ছে।

সিরাজগঞ্জের পর্যটক ওসমান আলী বলেন, ছুটি কাটাতে সেন্টমার্টিন যাচ্ছেন তাঁরা। তবে ছয় থেকে সাত ঘণ্টার সমুদ্রযাত্রা বেশ ক্লান্তিকর। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসার সুযোগ ছিল, এখন তা নেই। এর সঙ্গে জাহাজের ভাড়াও তুলনামূলক বেশি।

মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা সীমিত থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে ভ্রমণকারীদের চাপ বাড়বে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চলতি মাসে শুক্র ও শনিবারের মতো ছুটির দিনে মোটামুটি ভালোসংখ্যক পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। অগ্রিম বুকিংয়ের অবস্থা দেখে আগামী মাসে প্রতিদিনই পর্যটক কোটা পূর্ণ হওয়ার আশা করছেন তাঁরা। পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। এর মধ্যে শুক্রবার চারটি জাহাজ যাত্রী নিয়ে গেছে। বাকি জাহাজটিও শিগগির নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।

সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটক কম থাকলেও ডিসেম্বরের জন্য প্রায় সব হোটেল-রিসোর্টে অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছেন তাঁরা।

এদিকে, চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের জন্য কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হবে।

দ্বীপে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, তাঁদের পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেন্টমার্টিনে পর্যটক প্রবেশের অনুমতি থাকলেও দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বহাল রয়েছে বিভিন্ন বিধিনিষেধ। বিশেষ করে রাতে পর্যটকদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে কঠোর নির্দেশনা। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও করা যাবে না।

এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকবে। এ সময় দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন পর্যটকেরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: