সিরাজগঞ্জের বাগবাটি হাটে প্রতিদিন ৩০ থেকে ৩৫ মেট্রিক টন জলপাই কেনাবেচা হচ্ছে। মৌসুমের শুরুতেই স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন জেলার পাইকারদের উপস্থিতিতে জমে উঠেছে হাট। এখান থেকে জলপাই কিনে নিয়ে যাচ্ছেন পাবনা, নাটোর, টাঙ্গাইল, বগুড়া ও ঢাকার ব্যবসায়ীরা।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের এ হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জলপাই কেনাবেচা। ঘোড়াচড়া, কানগাতি, হরিনা বাগবাটি, খাগা, সুবর্ণগাতি, ফুলকোচা ও বাক্ষমবাগসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষক ও ব্যবসায়ীরা ভ্যান, অটোরিকশা ও পিকআপে করে জলপাই নিয়ে আসেন। মৌসুমে প্রতিদিন হাট বসলেও বছরের অন্য সময়ে সপ্তাহে দুই দিন—রবি ও বৃহস্পতিবার নিয়মিত হাট বসে।
স্থানীয় ব্যবসায়ী আশরাফ আলী বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জলপাইয়ের ফলন ভালো হয়েছে। ফলে বাজারে সরবরাহও বেড়েছে।
ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, গাছে মুকুল আসার পরই অনেক পাইকার মালিকদের কাছ থেকে আগাম পুরো গাছ কিনে নেন। আকারভেদে একটি গাছে ১০ থেকে ১৫ মণ পর্যন্ত জলপাই পাওয়া যায়। প্রতি মণ ৭০০ থেকে ৯০০ টাকায় কেনা হয়। পরে তা হাটে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে বিক্রি করা হয়।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আনোয়ার সাদাত জানান, জলপাই উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি বছর শুধু সদর উপজেলাতেই ১০১ হেক্টর জমিতে জলপাই আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০৫ মেট্রিক টন।
সচেতন মহলের মতে, জলপাইগাছের পরিচর্যা তুলনামূলক কম হওয়ায় বাড়ির আঙিনা ও পতিত জমিতে এ ফলের চাষ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। আচার তৈরিতে জলপাইয়ের ব্যাপক ব্যবহার এবং বাজারে চাহিদা থাকায় পরিকল্পিতভাবে উৎপাদন বাড়ানো গেলে কৃষকের বাড়তি আয়ের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।