জয়পুরহাটের কালাইয়ে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ উঠেছে মোলামগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে। ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের এসব বই কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাটের ‘মুক্তা আয়রন স্টোর’ নামের একটি দোকানে বইগুলো দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, মোলামগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিয়া পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেনের সংশ্লিষ্টতায় বইগুলো দোকানে বিক্রি করা হয়েছে। বিক্রি হওয়া বইয়ের মধ্যে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, গণিত, কৃষিশিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ, চারুপাঠ, ইংলিশ ফর টুডে ও স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের পাঠ্যবই রয়েছে।
স্থানীয়রা জানান, মোলামগাড়ি হাটের শাজাহানের ‘মুক্তা আয়রন স্টোর’ দোকানে বইগুলো দেখতে পেয়ে তাঁরা বিষয়টি জানতে চান। এ সময় দোকানের কর্মচারী জানান, বিদ্যালয়ের একজন শিক্ষক বইগুলো বিক্রির জন্য দোকানে নিয়ে এসেছিলেন।
দোকানের কর্মচারী ইমরান বলেন, ‘বিদ্যালয়ের একজন শিক্ষক বইগুলো দোকানে নিয়ে আসেন। পরে কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি করে চলে যান। বইগুলোর গায়ে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের উল্লেখ রয়েছে।’
স্থানীয় বাসিন্দা রনি বলেন, দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে একজন পিয়নকে ভ্যানে করে বই নিয়ে ভাঙারির দোকানের দিকে যেতে দেখেন।
আরেক বাসিন্দা শাহজাহান বলেন, সরকার প্রতিবছর শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করে। এমন পরিস্থিতিতে সরকারি বই ভাঙারির দোকানে বিক্রির বিষয়টি দুঃখজনক। তাঁর দাবি, প্রধান শিক্ষক চাহিদার অতিরিক্ত বই সংগ্রহ করে সেগুলো বিক্রি করেছেন। তিনি নিজেও দোকানে বইগুলো দেখেছেন বলে জানান।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমরা কোনো বোর্ড বই বিক্রি করিনি। বই বিক্রির তথ্য আমার জানা নেই। কোনো বই বিক্রি করা হয়নি।’
এদিকে প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার পর তাঁর সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের ফোন করে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি বলেন, বিদ্যালয়ে ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সরাসরি দেখা করে কথা বলবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনসুর রহমান বলেন, বিদ্যালয়ের মালামাল বিক্রির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রির বিধান রয়েছে। সরকারি বোর্ড বই বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।