খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কাগজপত্র, কম্পিউটার, একটি ল্যাপটপ, প্রিন্টার, জানালাসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, মধ্যরাতে কার্যালয়ের পেছনের দিকের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। আগুনে কার্যালয়ের প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। পাশাপাশি পাশের ভূমি অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে খোঁজাখুঁজি করে তাঁরা উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউএনওকে জানানো হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে, নাকি এটি পরিকল্পিত নাশকতা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।