ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার দাপট, যানজটে নাকাল মানুষ

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলে জনদুর্ভোগ বেড়েছে। হাটবাজার থেকে শুরু করে গ্রাম-মহল্লার অলিগলি—সবখানেই এসব যানবাহনের অবাধ চলাচল ও

2026-11-12T17:25:13+00:00
2026-11-12T17:25:13+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার দাপট, যানজটে নাকাল মানুষ
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার দাপট, যানজটে নাকাল মানুষ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলে জনদুর্ভোগ বেড়েছে। হাটবাজার থেকে শুরু করে গ্রাম-মহল্লার অলিগলি—সবখানেই এসব যানবাহনের অবাধ চলাচল ও যত্রতত্র পার্কিংয়ে সৃষ্টি হচ্ছে যানজট। প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অভাবে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় ঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরহাট ও বিবিরহাটের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয় শিক্ষার্থীদের।

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সড়ক বিভাগের সাইনবোর্ডে তিন চাকার এসব যান চলাচল নিষিদ্ধ উল্লেখ থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের নজরদারির অভাবে মহাসড়কটিতে অবাধে অটোরিকশা চলাচল করছে বলেও তাঁদের দাবি।

অভিযোগ রয়েছে, বিবিরহাট ও নাজিরহাট এলাকায় কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে অটোরিকশা তৈরির কারখানা গড়ে তুলেছেন। এসব কারখানায় নিয়মিত নতুন অটোরিকশা তৈরি হচ্ছে। কয়েকটি কারখানার মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চাহিদা অনুযায়ী প্রতিটি কারখানায় প্রতি সপ্তাহে গড়ে দুই থেকে তিনটি অটোরিকশা তৈরি করা হয়।

নাজিরহাটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিবন্ধনহীন যানবাহন এবং অদক্ষ চালকদের কারণে সড়কে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। অবিলম্বে অবৈধ অটোরিকশা তৈরির কারখানা বন্ধ, যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং চালকদের শৃঙ্খলার আওতায় আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন তাঁরা।

অন্যদিকে স্থানীয় কয়েকজন অটোরিকশাচালক জানান, আগে তাঁরা প্যাডেলচালিত রিকশা চালাতেন, এখন ব্যাটারিচালিত অটোরিকশা চালাচ্ছেন। তাঁদের দাবি, স্থানীয় চালকদের পাশাপাশি চট্টগ্রামের বাইরের অনেক চালকও এলাকায় এসে এসব যান চালাচ্ছেন। তাঁদের অনেকের পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা নেই। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান তাঁরাও।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সরকার ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার মোটরযান নিয়ন্ত্রণ এবং চলাচলের জন্য নীতিমালা জারি করেছে। ওই নীতিমালা অনুযায়ী, প্রতিটি অটোরিকশার জন্য স্থানীয় সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিবন্ধন সনদ ও নম্বরপ্লেট নেওয়ার পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আগামী আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। অটোরিকশার সমস্যা সারা দেশেই রয়েছে। বিশেষ করে প্রশিক্ষণ ছাড়াই চালক হয়ে যাওয়া এবং অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। এ বিষয়ে কীভাবে কাজ করা যায়, তা আলোচনা করে দিকনির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: