কুমিল্লায় ১১ দিনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে গত ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এতে অংশ নেয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায়, বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।