সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। এ সময় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাতে তাড়াশ উপজেলার বাসিন্দা মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে একটি মিনি ট্রাকে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাড়াশ থানায় একটি মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাড়াশের জহুরুল ইসলাম (৪১) ও ফরমান আলী (৩৮), বগুড়ার রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর নান্নু সরদার (৪৮), জামালপুরের মো. আনাছ (২০) এবং ময়মনসিংহের মো. সোহাগ (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার দুটি স্থান থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গরুসহ গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।