দেশ পরিচালনায় আওয়ামী লীগ বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দেশ পরিচালনায়ও দলটি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাঁর ভাষ্য, সে সময় দুর্ভিক্ষে বহু মানুষ না খেয়ে মারা গেছেন। ঢাকার রাজপথে পড়ে থাকত বেওয়ারিশ মরদেহ, যেগুলো দাফনের দায়িত্ব নিয়েছিল অঞ্জুমানে মফিদুল ইসলাম।
বিএনপির ভূমিকা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে দলটি মানুষের পাশে থেকেছে। এ কারণেই জনগণও বিএনপির পাশে দাঁড়িয়েছে। তাঁর দাবি, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপির ওপরই মানুষের আস্থা রয়েছে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গাড়ি পোড়ানো কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কোনো লাভ হবে না। দেশের মানুষ আন্ডারগ্রাউন্ড রাজনীতি বা সন্ত্রাসের পক্ষে নয়। বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। বরং জনগণের পাশে থেকে আন্দোলন ও জনমত গড়ে তুলেছে। একপর্যায়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলম। বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিম এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির।