হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি পার্সেলবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও গার্ড রয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) এবং রিপন মিয়া (২৩)। জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে। আর রিপনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।
পুলিশ জানায়, পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা অভিমুখী ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের তিন আরোহী গুরুতর আহত হন।
পরে তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।