পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অসংখ্য ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য তুলে ধরেন।
সংসদ সদস্যের প্রশ্নে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার বিষয়ে সরকারের কাছে থাকা তথ্য জানতে চাওয়া হয়।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ৫৫ সদস্য আহত হয়েছেন। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, একই সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১টি হামলা হয়েছে। এ ছাড়া ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে।
পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সেনাবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে প্রচলিত আইনে মামলা করে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি পাহাড়ে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্রেও অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনে বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, চাঁদাবাজির অর্থের উৎস ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক চিহ্নিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। এ জন্য পাহাড়ে চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহে সমতলের যেসব উৎস ও নেটওয়ার্ক জড়িত, সেগুলো শনাক্তে পুলিশ ও এসআরবি কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।