চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের স্কুলশিক্ষার্থীদের স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে টাউন ক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনুস স্মরণী স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখা এবং তাদের সুপ্ত মেধার বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ জন্ম থেকে আমৃত্যু শেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ইংরেজি দক্ষতা বিকাশে স্পেলিং প্রতিযোগিতার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাউন ক্লাব মিলনায়তনে স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইংরেজি বানান ও শব্দভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং সদর, গোমস্তাপুর, শিবগঞ্জ, নাচোল ও ভোলাহাট উপজেলার নির্বাচিত ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনুস স্মরণী স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুলকুড়ি ইসলামিক একাডেমি রানারআপ হয়।