বিশ্বের ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক কর্মসূচিতে যুক্ত হয়েছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ৮ লাখ ৭০ হাজার ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রয়োজনীয় বিনিয়োগের ৮০ শতাংশই আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহ করতে চায় বাংলাদেশ।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর আলোচনার অংশ হিসেবে সোমবার বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই উদ্যোগে নতুন করে যুক্ত হয়েছে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু। এর আগে অস্ট্রেলিয়াও ঘোষণাটিতে সমর্থন দেয়।
বৈশ্বিক এ কর্মসূচির মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে বাড়ির ছাদে সৌরপ্যানেল স্থাপনের ব্যয় কমানো, অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বাড়ানো এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঘোষণায় বাংলাদেশের সমর্থনের কথা জানিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রতিশ্রুতি রয়েছে। প্রাথমিক পরিকল্পনায় প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থায়ন পরিকল্পনা অনুযায়ী, এ কর্মসূচির মোট বিনিয়োগের ২০ শতাংশ আসবে দেশীয় উৎস থেকে। বাকি ৮০ শতাংশ সংগ্রহ করতে হবে আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে। সে হিসাবে প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদে নিজস্ব অর্থায়নে এবং ৬ লাখ ৯৬ হাজার ছাদে আন্তর্জাতিক সহযোগিতায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বিদ্যুৎ বিভাগের সচিব বলেন, ভবনের ছাদকে শুধু অব্যবহৃত জায়গা হিসেবে না দেখে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি এবং পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।
আমদানিনির্ভর জ্বালানির বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘদিনের চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং সরবরাহের অনিশ্চয়তা বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।
এ অবস্থায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে বিকল্প জ্বালানির উৎস হিসেবে দেখছে সরকার। এর মাধ্যমে একদিকে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব, অন্যদিকে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের সুযোগও বাড়বে।
পাকিস্তানের অভিজ্ঞতা হতে পারে বাংলাদেশের পথপ্রদর্শক
বৈশ্বিক সৌরবিদ্যুৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া বলেন, অফ-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনে পাকিস্তানের সাম্প্রতিক অগ্রগতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। জ্বালানিসংকটে থাকা দেশ হিসেবে পাকিস্তানের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে।
তিনি বলেন, বাংলাদেশও বর্তমানে জ্বালানি সরবরাহের নানা সংকট মোকাবিলা করছে। তবে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের ইতিবাচক উদ্যোগ লক্ষ করা যাচ্ছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ অধ্যাদেশ প্রণয়ন, কর-সুবিধা, অর্থায়নব্যবস্থা এবং বিশেষ তহবিল গঠনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
দীপাল বড়ুয়া আরও বলেন, এসব উদ্যোগের প্রভাবে শিল্পকারখানা এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের বাইরে থাকা পরিবারগুলোর মধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে। পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ ও জ্বালানিসংকটে থাকা দেশগুলোর জন্য অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।
শুধু লক্ষ্যমাত্রা নয়, প্রয়োজন দেশীয় সরবরাহব্যবস্থা
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে শুধু উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না, এ খাতে শক্তিশালী দেশীয় সরবরাহব্যবস্থা গড়ে তোলাও জরুরি বলে মনে করেন নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। নীতিগত ও বাস্তবায়নমূলক বিভিন্ন পদক্ষেপেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। তবে একই সময়ে এলএনজি অবকাঠামো সম্প্রসারণ এবং বিদ্যুৎ উৎপাদনে দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনা সরকারের আর্থিক চাপ বাড়াতে পারে। দীর্ঘ মেয়াদে এসব উদ্যোগ অর্থনৈতিকভাবে টেকসই না হওয়ার ঝুঁকি রয়েছে।
রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলোর আর্থিক লোকসান কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
পাকিস্তানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জ্বালানি খাতে ভর্তুকি ধীরে ধীরে কমানোর পরামর্শ দিয়ে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এতে সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর লোকসান কমানো সম্ভব হতে পারে। পাশাপাশি গ্যাস, এলএনজি, ডিজেল ও এলপিজির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করা যাবে। এ ক্ষেত্রে নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাঁর মতে, তাৎক্ষণিক জ্বালানিসংকট মোকাবিলার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং ব্যয়বহুল নীতিগত সিদ্ধান্ত এড়িয়ে চলা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়ার সৌরবিদ্যুৎ মডেল অনুসরণের আহ্বান
বৈশ্বিক উদ্যোগটির তাৎপর্য তুলে ধরে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং কপ-৩১ সম্মেলনের আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ অস্ট্রেলিয়ার জ্বালানি রূপান্তরে সাধারণ পরিবারগুলোকে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।
তিনি জানান, অস্ট্রেলিয়ার প্রতি তিনটি বাড়ির একটিতে সৌরপ্যানেল রয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ হার। দেশটির এ অভিজ্ঞতা অন্য দেশগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়াই বৈশ্বিক ঘোষণার অন্যতম উদ্দেশ্য।
অন্যদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের জলবায়ু অর্থায়ন ও অংশীজন সম্পৃক্ততাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষ সহকারী ইব্রাহিম এ শেলেং বলেন, সৌরবিদ্যুৎ অবকাঠামোয় বিনিয়োগ বাড়লে জ্বালানি স্বনির্ভরতার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ অবকাঠামোর ব্যয়ও কমানো সম্ভব।
বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সরকারগুলোকে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি ব্যবহারের প্রসার ঘটানোর আহ্বান জানানো হয়েছে। এ জন্য সহজ অনুমোদন, সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক বিদ্যুৎ গ্রিড, সমান সুযোগ এবং দক্ষ জনবল তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।
বৈশ্বিক সৌর কাউন্সিল ও সোলার সিটিজেনস নতুন দেশগুলোর এ উদ্যোগে যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছে। সংস্থা দুটির মতে, আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্বের কোটি কোটি পরিবারের কাছে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব।
তবে অর্থায়নের সীমাবদ্ধতা, দুর্বল বিদ্যুৎ গ্রিড এবং দক্ষ জনবলের অভাব এখনো উন্নয়নশীল দেশগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের বড় বাধা। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে সৌরবিদ্যুৎকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাই এখন বৈশ্বিক উদ্যোগটির প্রধান লক্ষ্য।