জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে উপস্থিত হন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও মতবিনিময় হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। দিনের সূচিতে রয়েছে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক।
সকালে সম্মেলনস্থলে পৌঁছানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দন করেন তারেক রহমান। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। পরে রাষ্ট্র ও সরকারপ্রধানদের পারিবারিক ছবি তোলা এবং লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টা ৪০ মিনিটে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন তিনি।
এ ছাড়া বিকেলে শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। তুরস্কের ফার্স্ট লেডির সভাপতিত্বে অনুষ্ঠেয় এ আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কপ-৩১-এর লিডার্স সামিটে অংশগ্রহণই এ সফরের মূল উদ্দেশ্য।