রপ্তানিমুখী শিল্পের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির বন্ড সুবিধার অপব্যবহারের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রতিরোধ দল এ অভিযানে অংশ নেয়। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।
অভিযানে প্রতিষ্ঠানগুলোর গুদামে থাকা সুতা, কাপড়, রাসায়নিক ও অন্যান্য কাঁচামালের প্রকৃত মজুতের সঙ্গে স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্য মিলিয়ে দেখা হয়। এতে বিভিন্ন ধরনের অসংগতি ধরা পড়ে।
পরে এনবিআরের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস) থেকে আমদানির তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করা হয়। এতে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনিয়মের তথ্য মিলেছে রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।
এ ছাড়া বন্দরের জাহিন নীটওয়্যার্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ এবং রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য মিলেছে।
বন্ড সুবিধায় পণ্য সরানোর অভিযোগ
রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার বন্ড সুবিধায় শুল্ক-কর ছাড়ে কাঁচামাল আমদানির সুযোগ দেয়। এ সুবিধার আওতায় আমদানি করা সুতা, কাপড় ও অন্যান্য উপকরণ অনুমোদিত উৎপাদনে ব্যবহার করে রপ্তানি করার কথা।
তবে এসব কাঁচামাল উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে।
কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে সুতা ও কাপড়ের বড় ধরনের ঘাটতি পাওয়া গেছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে নথিতে উল্লেখ করা পরিমাণের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত থাকার তথ্য মিলেছে। সংস্থাটির মতে, এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ইঙ্গিত দিচ্ছে।
চূড়ান্ত তদন্তে নির্ধারিত হবে ফাঁকির প্রকৃত পরিমাণ
অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, পণ্য মজুত ও কাঁচামাল ব্যবহারের হিসাবসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ চলছে।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, প্রাথমিক তদন্তে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকি বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংস্থাটির আশা, এ ধরনের কার্যক্রমের ফলে বন্ড সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং সরকারের রাজস্ব আদায় বাড়বে।