মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য আরও সময় দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ কাজের শেষ সময় ১৫ নভেম্বর নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ও পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়ম অনুসরণ করে নির্ধারিত মাপ ও শর্ত মেনে নিজস্ব ব্যবস্থাপনায় সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে মালিকদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
নম্বরপ্লেটের মাপ ও ফন্টের নিয়ম
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের ক্ষেত্রে সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে ব্যবহৃত বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে অন্তত ২০ মিলিমিটার।
নম্বরপ্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে
গণবিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের উপকরণ ও নকশার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে—
- নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
- সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে।
- নম্বরপ্লেটে অতিরিক্ত কোনো নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না।
- স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় লিখতে হবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।
নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে সামনের নম্বরপ্লেট সংযোজনের জন্য মোটরসাইকেল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।