প্রতিরক্ষা শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও বিমান চলাচলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং এ খাতে তুরস্কের সঙ্গে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি ও বিমান চলাচল খাতেও অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ দেখিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে পৌঁছেছেন। সফরের প্রথম দিনেই তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর সফরের শুরুতে তুরস্কের পক্ষ থেকে বিশেষ আতিথেয়তার কথাও তুলে ধরেন হুমায়ুন কবীর। তিনি জানান, ইস্তাম্বুলে যাত্রাবিরতির সময় এরদোয়ানের বিশেষ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আনতালিয়ায় পৌঁছালে তুরস্কের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।
বৈঠকের পরিবেশ সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই নেতার আলোচনা ছিল অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ। এ সময় এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ বলে সম্বোধন করেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা
বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, এ খাতে তুরস্কের বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
তবে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়নি বলে স্পষ্ট করেন তিনি। বিষয়টি বর্তমানে প্রাথমিক অনুসন্ধান ও আলোচনার পর্যায়ে রয়েছে।
তিনি জানান, প্রতিরক্ষা শিল্পের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিমান চলাচল খাতে বিনিয়োগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে।
জ্বালানি অনুসন্ধানে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি সম্পদ অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং এ খাতে তুরস্কের অভিজ্ঞতা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
এসব ক্ষেত্রে তুরস্কের সঙ্গে শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ উদ্যোগের আলোচনা
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানেও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে দুই নেতা মতবিনিময় করেছেন।
বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর কীভাবে যৌথ উদ্যোগ আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে।
জলবায়ু অর্থায়নে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নয়, বরং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর পক্ষে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার ক্ষেত্রেও নেতৃত্ব দিতে চায়।
কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে জলবায়ু অভিযোজন, অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ আগ্রহ
হুমায়ুন কবীর বলেন, কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের মধ্যে বাছাই করা কয়েকজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের প্রেসিডেন্ট। সেই তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ আগ্রহ ও গুরুত্বের বহিঃপ্রকাশ।
তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও বাড়ছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।