ঘরের মাঠেও টাইগারদের নিয়ে সতর্ক বাভুমা

ক্রীড়া ডেস্ক

খেলা

ঘরের মাঠে খেলা, পরিচিত কন্ডিশন- সব দিক থেকেই এগিয়ে থাকার কথা দক্ষিণ আফ্রিকার। তবু বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে

2026-11-11T18:12:49+00:00
2026-11-11T18:12:49+00:00
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা
ঘরের মাঠেও টাইগারদের নিয়ে সতর্ক বাভুমা
ক্রীড়া ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:১২ পিএম 
সংগৃহীত ছবি

ঘরের মাঠে খেলা, পরিচিত কন্ডিশন- সব দিক থেকেই এগিয়ে থাকার কথা দক্ষিণ আফ্রিকার। তবু বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বরং প্রতিপক্ষের পেস আক্রমণের সামর্থ্য এবং নিজেদের কন্ডিশনে তাদের সম্ভাব্য চ্যালেঞ্জের বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকরা। বাভুমার স্পষ্ট বার্তা, বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।

দুই টেস্টের সিরিজ সামনে রেখে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ক্রিকেটাররা। ২০২২ সালের পর আবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে ভালো ফলের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে সফরকারীরা।

তবে সফরের আগে বাংলাদেশের জন্য বড় ধাক্কা নাহিদ রানার অনুপস্থিতি। চোটের কারণে এই পেসারকে পাচ্ছে না দল। তাঁর অভাব সত্ত্বেও বাংলাদেশের বোলিং সামর্থ্যকে গুরুত্ব দিচ্ছেন বাভুমা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার হাইভেল্ড অঞ্চলের উইকেটে পেসারদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় বলে মনে করেন তিনি। এ ধরনের কন্ডিশনে বাংলাদেশের পেসাররাও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে সতর্ক করেছেন প্রোটিয়া অধিনায়ক।

সান স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বাভুমা বলেন, ‘আমরা যে ভেন্যুগুলোতে খেলব, সেগুলো হাইভেল্ড অঞ্চলে। আমরা জানি, এসব উইকেটে পেস বোলাররা সহায়তা পায়। আর বাংলাদেশেরও পেস বোলিংয়ে সেই সামর্থ্য রয়েছে।’

শুধু বোলিং নয়, বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিজেদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা নিয়েও ভাবছে দক্ষিণ আফ্রিকা। বাভুমার মতে, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিবেচনায় রেখে মাঠে নামার পাশাপাশি মানসিক প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ক্রিকেটে ছোট-বড় দলের ব্যবধান অনেকটাই কমে এসেছে। ফলে সামান্য অসতর্কতাও ম্যাচের নিয়ন্ত্রণ বদলে দিতে পারে।

এ প্রসঙ্গে বাভুমা বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে আমাদের নিশ্চিত করতে হবে, প্রস্তুতির প্রতিটি জায়গায় যেন ঠিকভাবে কাজ করা হয়। মানসিকভাবেও কোনো কিছু হালকাভাবে নেওয়া যাবে না। এখন বিশ্বের কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। নিজেদের দিনে যেকোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার সময় যেন আমরা অপ্রস্তুত অবস্থায় না পড়ি, সেটি নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি আমরা নেব। তবে বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেব না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই ব্যর্থতা ভুলে দক্ষিণ আফ্রিকায় ঘুরে দাঁড়ানোই এখন সফরকারীদের প্রধান লক্ষ্য। তবে প্রতিপক্ষের মাঠে সেই চ্যালেঞ্জ সহজ হবে না। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: