২৩ বছরের আক্ষেপ ঘোচাতে চান হামজা

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে নিজের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। কোচ

2026-11-10T18:25:15+00:00
2026-11-10T18:25:15+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
খেলা
২৩ বছরের আক্ষেপ ঘোচাতে চান হামজা
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম 
হামজা দেওয়ান চৌধুরী।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে নিজের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। কোচ দায়িত্ব দিলে নেতৃত্ব দিতে প্রস্তুত থাকলেও দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই তারকা মিডফিল্ডার। তাঁর মতে, ব্যক্তিগত নেতৃত্বের চেয়ে দলের সবাইকে একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ২৩ বছর পর বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানোর আশাবাদও জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামজা। অধিনায়কত্বের বিষয়ে প্রশ্ন করা হলে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’ তবে এ দায়িত্ব পাওয়ার জন্য কোনো চাপ তৈরি করতে চান না তিনি। কোচের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়ার কথা জানিয়েছেন।

হামজার ভাষায়, দলে তাঁর চেয়েও বেশি অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। বাংলাদেশের হয়ে এখনো ১৫টির কম ম্যাচ খেলেছেন তিনি। তাই নেতৃত্বের আলোচনার চেয়ে দলের মধ্যে বোঝাপড়া ও ঐক্য ধরে রাখাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এই ফুটবলার। তাঁর মতে, জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ পরিবারের মতো। এই সম্পর্ক ও পারস্পরিক আস্থাই দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা হয়েছে। দীর্ঘদিন জামাল ভূঁইয়া জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে তপু বর্মণ ও সোহেল রানার হাতেও উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। এবারের সাফ চ্যাম্পিয়নশিপের আগে জামালকে অধিনায়ক ভাবা হলেও শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় তপু বর্মণকে। তবে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে চোটের কারণে তপু খেলতে না পারায় নেতৃত্ব দেন জামাল। এমন পরিস্থিতিতে ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজাকে অধিনায়ক করার আলোচনা সামনে এসেছে। কিন্তু এ নিয়ে বাড়তি আগ্রহ দেখাচ্ছেন না তিনি।

অধিনায়কত্বের আলোচনা পাশে সরিয়ে আপাতত হামজার পুরো মনোযোগ সাফের শিরোপায়। ২০০৩ সালে সর্বশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ২৩ বছর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ট্রফি দেশে ফেরানোর স্বপ্ন দেখছেন হামজা। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেও প্রথম শিরোপা জয়ের সুযোগ হিসেবে দেখছেন এই টুর্নামেন্টকে। তাঁর বিশ্বাস, দলীয় প্রচেষ্টা ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব।

শুধু শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন না, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশকে ফেবারিট হিসেবেও বিবেচনা করছেন হামজা। তাঁর মতে, স্বাগতিক দল হিসেবে নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা জরুরি। তাই শিরোপার দৌড়ে বাংলাদেশকে এগিয়ে রাখতেই চান তিনি।

এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করে স্বাগতিকেরা। আগামীকাল বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠবে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে হামজার প্রত্যাশা, আত্মবিশ্বাস ও ঐক্য ধরে রেখে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: