ক্রীড়াঙ্গনের অভিভাবক হারুনুর রশীদ আর নেই

ক্রীড়া ডেস্ক

খেলা

দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য ক্রীড়া সংগঠক ও রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদ।

2026-11-10T17:10:18+00:00
2026-11-10T17:10:18+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
খেলা
ক্রীড়াঙ্গনের অভিভাবক হারুনুর রশীদ আর নেই
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
সংগৃহীত ছবি

দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য ক্রীড়া সংগঠক ও রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদ। সোমবার গভীর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন হারুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের ক্রীড়াঙ্গনের এই অভিজ্ঞ সংগঠক।

দেশের ক্রীড়াঙ্গনের সংগঠন ও বিকাশে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হারুনুর রশীদ। আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে অবদান রাখেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবেও পাঁচবার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনেও ছিল তাঁর সক্রিয় উপস্থিতি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য এবং ফিফার মিডিয়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ। ফুটবলের উন্নয়ন ও সংগঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড।

ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন পর্যায়েও। ২০২৩ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সেরা সংগঠক সম্মাননায় ভূষিত হন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। পৃথক শোকবার্তায় সংগঠন দুটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছে গভীর সমবেদনা।

হারুনুর রশীদের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন হারাল একজন অভিজ্ঞ সংগঠককে। ফুটবল ও ক্রীড়া প্রশাসনে তাঁর দীর্ঘ কর্মজীবন এবং অবদান স্মরণীয় হয়ে থাকবে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: