পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই সাবেক ক্রিকেটারকে নতুন দায়িত্বে যুক্ত করার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে লাহোর কালান্দার্স।
নতুন দায়িত্বে লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বাড়ানো, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রতিভাবান তরুণদের বিকাশে দিকনির্দেশনা দেবেন আমিনুল ইসলাম। বিশেষ করে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পরিকল্পনা ও প্রশিক্ষণব্যবস্থা আরও কার্যকর করতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।
শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ঘটানোর পরিকল্পনা রয়েছে লাহোর কালান্দার্সের। দেশটিতে নিজেদের ক্রিকেটীয় কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যেও আমিনুলের সঙ্গে যুক্ত হয়েছে তারা। আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা এ ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি।
ক্রিকেট উন্নয়নে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আমিনুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি বিসিবি সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল ইসলাম। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের ক্রিকেট ইতিহাসেও তাঁর নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করার কারণে। ওই ইনিংসে ১৪৫ রান করেছিলেন তিনি।
এদিকে তরুণ ক্রিকেটার খুঁজে বের করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার উপযোগী করে গড়ে তোলার কার্যক্রমের জন্য পরিচিত লাহোর কালান্দার্স। ২০১৬ সাল থেকে পিএসএলে অংশ নেওয়া দলটি এখন পর্যন্ত তিনবার শিরোপা জিতেছে। আমিনুলের অন্তর্ভুক্তিতে তাদের ক্রিকেট উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে পারে।