বিশ্বকাপজয়ী কুবারসির হাতে গোল্ডেন বয়ের মুকুট

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবলে গোলদাতারা সাধারণত আলোচনার কেন্দ্রে থাকেন। তাঁদের গোলেই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে ওঠে, গ্যালারিতে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। তবে প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে

2026-11-10T17:03:50+00:00
2026-11-10T17:03:50+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপজয়ী কুবারসির হাতে গোল্ডেন বয়ের মুকুট
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম 
সংগৃহীত ছবি

ফুটবলে গোলদাতারা সাধারণত আলোচনার কেন্দ্রে থাকেন। তাঁদের গোলেই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে ওঠে, গ্যালারিতে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। তবে প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন যাঁরা, তাঁদের অবদান অনেক সময় আড়ালেই থেকে যায়। সেই রক্ষণভাগের এক তরুণ সেনানীকেই এবার স্বীকৃতি দিল ফুটবল বিশ্ব। মাত্র ১৯ বছর বয়সে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ সেন্টারব্যাক পাউ কুবারসি।

ইউরোপের সেরা প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারের স্বীকৃতি হিসেবে পরিচিত এই পুরস্কারটি পেয়েছেন কুবারসি। ইতালির ক্রীড়া দৈনিক ‘তুত্তোস্পোর্ত’ ২০০৩ সালে পুরস্কারটি চালু করে। এবারই প্রথম ট্রান্সফার মার্কেটের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছে এর নির্বাচনপ্রক্রিয়া।

কুবারসির জন্য ২০২৬ সালটি ছিল সাফল্যে মোড়ানো। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি বার্সেলোনার জার্সিতে লা লিগার শিরোপাও জিতেছেন তিনি। জাতীয় দলের বিশ্বকাপ অভিযানে প্রতিটি ম্যাচে মাঠে থেকে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ডিফেন্ডার। পুরো টুর্নামেন্টে এক মিনিটের জন্যও মাঠের বাইরে থাকতে হয়নি তাঁকে। বয়সে তরুণ হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণ সামলানোর দায়িত্বে ছিলেন নির্ভরযোগ্য।

বিশ্বকাপ জয়ের পর তাঁর বাজারমূল্যও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের সর্বশেষ মূল্যায়নে কুবারসির দাম ৮ কোটি ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ইউরোতে। আর্সেনালের উইলিয়াম সালিবার সঙ্গে যৌথভাবে তিনি এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার।

বার্সেলোনার যুব একাডেমি থেকে উঠে আসা কুবারসি অল্প বয়সেই মূল দলে নিজের জায়গা পাকা করেছেন। তাঁর খেলার ধরন, প্রতিপক্ষের আক্রমণ পড়তে পারার ক্ষমতা, নিখুঁত পাস এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁকে অন্য তরুণদের চেয়ে আলাদা করেছে। ফলে এই পুরস্কার তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি রক্ষণভাগের খেলোয়াড়দের জন্যও বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

‘গোল্ডেন বয়’ পুরস্কারের নিয়ম অনুযায়ী, একজন ফুটবলার তাঁর ক্যারিয়ারে মাত্র একবারই এই স্বীকৃতি পেতে পারেন। বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে এর আগে পুরস্কারটি জিতেছেন পেদ্রি (২০২১), গাভি (২০২২) ও লামিন ইয়ামাল (২০২৪)। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন পিএসজির দেজিরে দুয়ে। ২০১৮ সালে ডিফেন্ডার হিসেবে পুরস্কারটি জিতেছিলেন নেদারল্যান্ডসের মাথিয়াস ডি লিট। সেই তালিকায় এবার যুক্ত হলো কুবারসির নাম।

পুরস্কার জয়ের পথও ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ট্রান্সফার মার্কেটের তৈরি ‘ইউরোপিয়ান গোল্ডেন বয় টপ ১০০’ তালিকায় জায়গা পেয়েছিলেন ২০০৬ সাল বা এর পরে জন্ম নেওয়া ইউরোপের শীর্ষ ২৫ লিগে খেলা তরুণ ফুটবলাররা। পারফরম্যান্সের পরিসংখ্যান, ভবিষ্যৎ সম্ভাবনা, লিগ ও ক্লাবের মান এবং বাজারমূল্য বিবেচনায় তৈরি করা হয় এই তালিকা। অক্টোবরের শুরুতে ১০০ জনের তালিকা কমিয়ে আনা হয় ২৫ জনে। পরে আন্তর্জাতিক বিশেষজ্ঞ জুরির ভোটে সেরার স্বীকৃতি পান স্পেনের এই তরুণ ডিফেন্ডার।

ফুটবলে যেখানে গোলদাতাদের কৃতিত্বই বেশি আলোচনায় আসে, সেখানে রক্ষণ সামলে বিশ্বজয়ের পাশাপাশি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া কুবারসির জন্য নিঃসন্দেহে বড় অর্জন। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অবস্থান জানান দিয়েছেন বার্সেলোনার এই সেন্টারব্যাক।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: