ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে ৪৫তম আহলেহাদিস তাবলিগে ইসলামের তিন দিনব্যাপী জাতীয় ইজতেমা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা মিলন সমাজ মাঠে এ ইজতেমা শুরু হয়। এর আয়োজন করেছে বাংলাদেশ আহলেহাদিস তাবলিগে ইসলাম।
বুধবার বিকেল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমাস্থলে জড়ো হতে শুরু করেন।
আয়োজক কমিটির মঞ্চ পরিচালক শায়েখ ড. মুযাফফর বিন মহসীন বলেন, “বুধবার মাগরিবের নামাজের পর তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) ফজরের নামাজের পর এর সমাপ্তি হবে। এ তিন দিনে দেশের শীর্ষস্থানীয় ইসলামি স্কলাররা বয়ান করবেন। প্রতিবছর এ ইজতেমায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।”
আয়োজক কমিটির সদস্য জহিরুল ইসলাম মুকুল মাস্টার বলেন, “দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এখানে আলোচনা করবেন। আশা করা যাচ্ছে, এশার নামাজের পর মাঠটি হাজারো ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠবে।”
এ সময় আয়োজক কমিটির কোষাধ্যক্ষ নাহিদুজ্জামান নাহিদ, মুস্তফিজুর রহমান, এবি সিদ্দিক মাস্টার ও তফাজ্জল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।