ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন ফাঁদ, এবার নিশানায় স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর চাপ বাড়াতে এবার নতুন কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এত দিন সমুদ্রপথে অবরোধ দিয়ে দেশটির তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য

2026-11-09T15:22:35+00:00
2026-11-09T15:22:35+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন ফাঁদ, এবার নিশানায় স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:২২ পিএম 
ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন ফাঁদ, এবার নিশানায় স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর
ইরানের ওপর চাপ বাড়াতে এবার নতুন কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এত দিন সমুদ্রপথে অবরোধ দিয়ে দেশটির তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ওয়াশিংটন। এবার সেই চাপ বিস্তৃত করতে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরকেন্দ্রিক সরবরাহ নেটওয়ার্কে নজর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স ‘আয়রন গেট’। প্রায় ২০ সদস্যের এই দলটির মূল দায়িত্ব হবে ইরানে অস্ত্র, সামরিক প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য ও অর্থের প্রবাহ ঠেকানো।

কিন্তু কী এই টাস্কফোর্স আয়রন গেট? কীভাবে কাজ করবে এটি? আর যুক্তরাষ্ট্রের এই নতুন কৌশলে কতটা চাপে পড়তে পারে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা?

কেন গঠন করা হলো আয়রন গেট?

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত ৭ নভেম্বর ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দেয়। ফ্লোরিডার টাম্পায় এর সদর দপ্তর স্থাপন করা হয়েছে। এতে রয়েছেন প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা।

সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নির্দেশনায় গঠিত এই টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা ও গোয়েন্দা বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এর সঙ্গে যুক্ত থাকবে দেশটির অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য, ইরানের স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, সামরিক প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য ও অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করা। এর মাধ্যমে ইরানের অস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা পুনর্গঠনের পথ সংকুচিত করতে চায় ওয়াশিংটন। একই সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়নের সক্ষমতাও সীমিত করার পরিকল্পনা রয়েছে।

সমুদ্র অবরোধেও কেন থামছে না ইরানের সরবরাহ?

ইরানের বিরুদ্ধে কয়েক মাস ধরে নৌ অবরোধ চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর ফলে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও আরব সাগর দিয়ে দেশটির তেল ও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়েছে। তবে সমুদ্রপথে চাপের মধ্যেও বিকল্প রুট ব্যবহার করে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও উপকরণ আমদানি অব্যাহত রেখেছে তেহরান।

বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ইরান অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারী যানবাহন আমদানি করেছে। এসব পণ্যের একটি অংশ রাশিয়া থেকে কাস্পিয়ান সাগর হয়ে জাহাজে, মধ্য এশিয়া থেকে ট্রাকে এবং চীন থেকে পণ্যবাহী বিমানে ইরানে পৌঁছেছে।

অর্থাৎ সমুদ্রপথে অবরোধ থাকলেও স্থল, আকাশ ও বিকল্প সামুদ্রিক রুট ব্যবহার করে সরবরাহব্যবস্থা সচল রাখতে পেরেছে ইরান। যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগের লক্ষ্য এবার এসব বিকল্প পথেও নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানো।

যেভাবে কাজ করবে টাস্কফোর্স

আয়রন গেটকে ইরানের সীমান্তে মোতায়েন করা কোনো প্রচলিত স্থলবাহিনী হিসেবে ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র। বরং বিভিন্ন সরকারি সংস্থা, গোয়েন্দা বিভাগ ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে ইরানের সরবরাহ নেটওয়ার্ক শনাক্ত এবং সেগুলো বাধাগ্রস্ত করাই হবে এর প্রধান কাজ।

এই উদ্যোগে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

১. অস্ত্র সরবরাহে বাধা: ইরানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিস্ফোরক ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রবেশের পথ শনাক্ত করে সেগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

২. সামরিক প্রযুক্তি নিয়ন্ত্রণ: অস্ত্র উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণের সরবরাহ সীমিত করার চেষ্টা করা হবে।

৩. দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যে নজরদারি: শিল্পকারখানায় ব্যবহৃত হলেও ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সরঞ্জাম তৈরিতে কাজে লাগে—এমন যন্ত্রপাতি ও উপকরণের আমদানি নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হবে।

৪. অর্থের প্রবাহে বাধা: নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সামরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থ জোগানোর নেটওয়ার্ক শনাক্ত করে সেগুলো দুর্বল করার চেষ্টা চলবে।

সাবেক মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আলজাজিরাকে বলেছেন, ইরানে কোন কোন পথে অস্ত্র প্রবেশ করছে, কীভাবে এসব সরবরাহ বন্ধ করা যায় এবং দেশটি কীভাবে জ্বালানি পরিবহন করছে, তা শনাক্ত করা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তাঁর মতে, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইরানের অর্থনৈতিক সক্ষমতা সংকুচিত করাই এর মূল লক্ষ্য।

ইরানের কোন কোন সীমান্তে নজর যুক্তরাষ্ট্রের?

ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। দেশগুলো হলো আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুরস্ক ও তুর্কমেনিস্তান। এসব দেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বাণিজ্যিক ও যোগাযোগ সম্পর্ক রয়েছে।

এ ছাড়া কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান ও তুর্কমেনিস্তানের সঙ্গে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে। বিশেষ করে রাশিয়া-ইরান বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে কাস্পিয়ান সাগর গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এই পথ দিয়ে ড্রোনের যন্ত্রাংশ, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম পরিবহনের তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনায় এসব রুটে নজরদারি বাড়তে পারে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা ছাড়া এত বিস্তৃত সরবরাহ নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা ওয়াশিংটনের জন্য কঠিন হবে।

অর্থনীতি ও সামরিক সক্ষমতায় কী প্রভাব পড়বে?

ইরানের অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস জ্বালানি রপ্তানি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে দেশটির তেল রপ্তানি ইতোমধ্যে বাধার মুখে পড়েছে।

সেন্টকমের দাবি, তাদের নৌ অবরোধের কারণে ইরানের ২ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি আটকে গেছে। তবে এটি যুক্তরাষ্ট্রের দেওয়া হিসাব; স্বাধীনভাবে যাচাই করা পরিসংখ্যান নয়।

এবার স্থল ও বিকল্প সরবরাহপথেও বাধা তৈরি হলে ইরান কয়েক ধরনের সংকটে পড়তে পারে। প্রথমত, শিল্পকারখানার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কঠিন হয়ে উঠবে। দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে ব্যবহৃত বিদেশি প্রযুক্তি এবং যন্ত্রাংশের সরবরাহ কমে যেতে পারে। তৃতীয়ত, বিকল্প বাণিজ্যপথ সংকুচিত হলে আমদানি ব্যয় বাড়বে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হবে।

বিশেষ করে সামরিক উৎপাদনের ক্ষেত্রে বিদেশি প্রযুক্তি ও যন্ত্রাংশের ওপর নির্ভরশীলতা থাকলে এর প্রভাব আরও গভীর হতে পারে। ফলে অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতিও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

রাশিয়ার সঙ্গে বাড়তে পারে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন

আয়রন গেটের কার্যক্রম ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরির আশঙ্কাও রয়েছে। কারণ, কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া থেকে ইরানে সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ রয়েছে। এই পথ বন্ধ বা সীমিত করার চেষ্টা মস্কোর স্বার্থে আঘাত করতে পারে।

কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহজুব জুয়েরি আলজাজিরাকে বলেছেন, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি নেই। ফলে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ছাড়া সেখানে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কঠিন। বিশেষ করে রাশিয়াকে অসন্তুষ্ট করতে অনিচ্ছুক দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পাওয়া অনিশ্চিত।

অন্যদিকে বিশ্লেষক রামি খুরির মতে, ইরানের সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এসব সম্পর্ক ও বিকল্প সরবরাহ নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব।

মার্কিন পরিকল্পনাকে ‘শব্দের খেলা’ বলছে ইরান

যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে বাহিনীটির মুখপাত্র সারদার মোহেবি মার্কিন পরিকল্পনাকে ‘শব্দের খেলা’ বলে অভিহিত করেছেন।

তাঁর দাবি, এই উদ্যোগের মাধ্যমে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়ার লক্ষ্য অর্জন করতে পারবে না যুক্তরাষ্ট্র। এর আগেও ওয়াশিংটন দাবি করেছিল, দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে তা ঘটেনি।

তেহরানের এমন বক্তব্যে স্পষ্ট, নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপের মুখেও নিজেদের সরবরাহব্যবস্থা সচল রাখার অবস্থানেই রয়েছে ইরান।

যুদ্ধের মোড় ঘোরাতে পারবে আয়রন গেট?

বিশ্লেষকদের মতে, টাস্কফোর্স আয়রন গেট ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। সমুদ্রপথের পাশাপাশি স্থলসীমান্ত ও বিকল্প সরবরাহ নেটওয়ার্কে নজরদারি বাড়াতে পারলে তেহরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা চাপে পড়তে পারে। তবে এই উদ্যোগের মাধ্যমে ইরানের সব সরবরাহপথ বন্ধ করা কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে।

ইরানের বিস্তৃত স্থলসীমান্ত, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং এশিয়াজুড়ে বিকল্প সরবরাহ নেটওয়ার্ক রয়েছে। এসব পথ নিয়ন্ত্রণ করতে হলে যুক্তরাষ্ট্রকে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাশিয়ার মতো আঞ্চলিক শক্তির অবস্থানও বিবেচনায় নিতে হবে।

এদিকে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে। রয়টার্সের ৮ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে ইরানে হামলার হুমকি দিলেও আলোচনায় অগ্রগতি হলে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন ট্রাম্প।

সব মিলিয়ে ইরানকে ঘিরে ওয়াশিংটনের কৌশলে এখন দুটি দিক স্পষ্ট—একদিকে অর্থনৈতিক ও সামরিক সরবরাহব্যবস্থায় চাপ বাড়ানো, অন্যদিকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখা। আয়রন গেট এই কৌশলে কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে ইরানের বিকল্প সরবরাহপথ কতটা নিয়ন্ত্রণ করা যায় এবং আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্রকে কতটা সহযোগিতা করে তার ওপর।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: