জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্ব এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে তাঁর বৈঠক চূড়ান্ত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্রসচিব জানান, তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সামরিক ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং ড্রোন কারখানা স্থাপনের মতো বিষয়গুলো সামরিক সহযোগিতার আওতায় পড়বে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো যেতে পারে।
তুরস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, সংশ্লিষ্ট যোগাযোগটি কোনো দ্বিপক্ষীয় সফরের অংশ ছিল না। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। সেখানে সাধারণ বিষয়ের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও কথা বলেন পররাষ্ট্রসচিব।
তিনি জানান, উন্নত দেশগুলো আগে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ উদ্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য ক্ষতিপূরণের দাবিও আন্তর্জাতিক পরিসরে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।