জার্মানির রাষ্ট্রপ্রধানের পদে প্রথমবারের মতো কোনো নারীকে দেখা যেতে পারে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে প্রার্থী হিসেবে মনোনয়নের পক্ষে অবস্থান নিয়েছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সমর্থনও রয়েছে তাঁর প্রতি।
৬১ বছর বয়সী আইগনার নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ ফেডারেল কনভেনশনের ভোটে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
রোববার (৮ নভেম্বর) বার্লিনে নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) শীর্ষ নেতাদের সঙ্গে এক নৈশভোজে আইগনারের প্রার্থিতার পক্ষে নিজের অবস্থান জানান মের্ৎস। সোমবার দলের নেতৃত্ব ও কেন্দ্রীয় পর্ষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম প্রস্তাব করার কথা রয়েছে।
বর্তমানে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন আইগনার। তিনি ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) রাজনীতিক। দলটি বাভারিয়ায় সিডিইউর ঘনিষ্ঠ মিত্র। চলতি বছরের শুরুতেই প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল সিএসইউ।
তবে প্রার্থীর বিষয়ে মের্ৎসের সিদ্ধান্ত আসতে দেরি হওয়ায় দুই দলের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। বিকল্প প্রার্থী নিয়েও আলোচনা চলছিল। শেষ পর্যন্ত মের্ৎসের সমর্থন আইগনারের মনোনয়নপ্রক্রিয়ায় নতুন গতি এনেছে।
জার্মানির বর্তমান ক্ষমতাসীন জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ ও এসপিডি। দেশটির রাজনৈতিক রীতি অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জোটসঙ্গীরা সাধারণত একজন অভিন্ন প্রার্থীকে সমর্থন করে। এসপিডি আগেই আইগনারের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে। এ ছাড়া গ্রিন পার্টির নেতাদের মধ্যেও তাঁর প্রার্থিতার বিষয়ে ইতিবাচক অবস্থান দেখা গেছে।
যেভাবে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট
জার্মানির প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। এ দায়িত্ব পালন করে ফেডারেল কনভেনশন নামে একটি বিশেষ নির্বাচনী পরিষদ। শুধু রাষ্ট্রপ্রধান নির্বাচন করার উদ্দেশ্যেই এই পরিষদের অধিবেশন বসে।
আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেবেন দেশটির পার্লামেন্টের ৬৩০ জন সদস্য এবং ১৬টি রাজ্যের সমসংখ্যক প্রতিনিধি। তাঁদের ভোটেই নির্ধারিত হবে পরবর্তী প্রেসিডেন্ট।
নির্বাচিত হলে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের স্থলাভিষিক্ত হবেন আইগনার। ২০১৭ সালে প্রথমবার দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন স্টাইনমায়ার। তাঁর বর্তমান মেয়াদ ২০২৭ সালের মার্চে শেষ হওয়ার কথা। জার্মানির সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। প্রতিটি মেয়াদ পাঁচ বছরের।
আঙ্গেলা ম্যার্কেলের সরকারেও ছিলেন আইগনার
আইগনারের রাজনৈতিক পথচলা শুরু স্থানীয় রাজনীতি দিয়ে। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্ট বুন্ডেসটাগের সদস্য নির্বাচিত হন। সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
পরবর্তী সময়ে নিজ রাজ্য বাভারিয়ার রাজনীতিতে ফিরে আসেন আইগনার। ২০১৮ সালে তিনি বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। বর্তমানে ওই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদেই দায়িত্ব পালন করছেন তিনি।
জার্মানির প্রেসিডেন্টের দায়িত্ব মূলত আনুষ্ঠানিক হলেও রাষ্ট্র পরিচালনায় পদটির বিশেষ সাংবিধানিক ও প্রতীকী গুরুত্ব রয়েছে। প্রেসিডেন্ট আইনে স্বাক্ষর করে তা কার্যকর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। পাশাপাশি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক ও নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা রাখেন।
সূত্র: রয়টার্স, ডয়চে ভেলে