বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান নিজেদের সম্পদের ৯৯ শতাংশ জনকল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছেন। তিন মেয়ের জন্য বিপুল সম্পদ উত্তরাধিকার হিসেবে রেখে যাওয়ার বদলে জীবদ্দশায়ই সেই সম্পদের বড় অংশ মানবকল্যাণে কাজে লাগাতে চান তাঁরা।
২০১৫ সালের ডিসেম্বরে প্রথম সন্তান ম্যাক্সিমার জন্মের পর এ সিদ্ধান্তের কথা জানান জাকারবার্গ ও প্রিসিলা। মেয়েকে উদ্দেশ করে লেখা ‘এ লেটার টু ম্যাক্স’ শিরোনামের এক খোলা চিঠিতে তাঁরা জানান, নিজেদের সম্পদের ৯৯ শতাংশ সমাজের উন্নয়নে ব্যয় করবেন।
এই লক্ষ্য বাস্তবায়নে পরে তাঁরা প্রতিষ্ঠা করেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ (সিজেডআই)। মানবিক সম্ভাবনার বিকাশ এবং সমাজে সমতা প্রতিষ্ঠা সংস্থাটির মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা ও সামাজিক উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
খোলা চিঠিতে জাকারবার্গ ও প্রিসিলা বলেছিলেন, ভবিষ্যৎ প্রজন্মের সব শিশুর প্রতি তাঁদের দায়িত্ব রয়েছে। নিজেদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি তাঁরা চান, পৃথিবীর প্রতিটি শিশু যেন আরও ভালো পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়।
২০১৫ সালে তাঁদের ঘোষিত ৯৯ শতাংশ শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ৪ হাজার ৫০০ কোটি ডলার। পরবর্তী সময়ে মেটার শেয়ারের দাম ও জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়ে যাওয়ায় দান করার পরিকল্পনার আর্থিক পরিমাণও অনেক বেড়েছে।
প্রিসিলা চ্যান ২০২১ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সম্পদ জনকল্যাণে ব্যয়ের পরিকল্পনা নিয়ে তাঁদের আলোচনা শুরু হয়েছিল ২০০৫ সালেই। সে সময় ফেসবুক বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা তৈরি করছিল। প্রিসিলার ভাষ্য, জনসেবার প্রতি তাঁর আগ্রহ ও অঙ্গীকার দীর্ঘদিনের।
সম্পদের বড় অংশ দাতব্য কাজে ব্যয়ের অঙ্গীকারের মধ্য দিয়ে এই দম্পতি যুক্ত হয়েছেন ‘দ্য গিভিং প্লেজ’ উদ্যোগের সঙ্গেও। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য, বিশ্বের ধনীদের নিজেদের সম্পদের অধিকাংশ জনকল্যাণমূলক কাজে ব্যয়ে উৎসাহিত করা।
তবে ৯৯ শতাংশ সম্পদ দানের ঘোষণা মানে তাঁদের তিন মেয়ে সম্পূর্ণ উত্তরাধিকারবঞ্চিত হবেন—বিষয়টি এমন নয়। ঘোষিত হিসাবে অবশিষ্ট ১ শতাংশ সম্পদের মূল্যও আনুমানিক ২০০ কোটি ডলার। অর্থাৎ বিপুল সম্পদের একটি অংশ পরিবারের জন্য থাকলেও সিংহভাগ সম্পদ ব্যয় হবে সমাজের বৃহত্তর কল্যাণে।
জাকারবার্গ ও প্রিসিলার এই উদ্যোগের মূল ভাবনা হলো, ব্যক্তিগত সম্পদ কেবল উত্তরাধিকার হিসেবে পরবর্তী প্রজন্মের হাতে তুলে না দিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও বিজ্ঞান গবেষণার মতো খাতে বিনিয়োগ করা। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য তাঁদের।