ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপন সমঝোতা, নীরব ছিল ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেগেভ মরুভূমিতে একটি টেক্সটাইল কারখানা নির্মাণের কথা বলে পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছিল ইসরায়েল। সেই স্থাপনার প্রকৃত পরিচয় জানার পরও ছয়

2026-11-09T12:17:34+00:00
2026-11-09T12:17:34+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপন সমঝোতা, নীরব ছিল ওয়াশিংটন
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম 
ফাইল ছবি
নেগেভ মরুভূমিতে একটি টেক্সটাইল কারখানা নির্মাণের কথা বলে পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছিল ইসরায়েল। সেই স্থাপনার প্রকৃত পরিচয় জানার পরও ছয় দশকের বেশি সময় ধরে বিষয়টি নিয়ে প্রকাশ্যে নীরব থেকেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের এই কৌশলগত নীরবতার কারণে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা থাকলেও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি।

১৯৬০ সালের শুরুর দিকে ইসরায়েলের একটি হেলিকপ্টারে কয়েকজন মার্কিন কূটনীতিক ভ্রমণ করছিলেন। সে সময় তাঁদের একজন ডেড সি থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে নেগেভ মরুভূমির একটি এলাকায় নির্মাণকাজ চলতে দেখেন। স্থাপনাটির পরিচয় জানতে চাইলে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেন মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিডকে জানান, সেখানে একটি টেক্সটাইল কারখানা তৈরি করা হচ্ছে। পরে জানা যায়, ওই স্থাপনাটিই ছিল ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্র।

এর কয়েক বছর পর যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মকর্তারা পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে অস্ত্র তৈরির উপযোগী কয়েক শ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি শনাক্ত করেন। মার্কিন গোয়েন্দাদের একটি অংশের ধারণা ছিল, ওই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। সাম্প্রতিক একটি তথ্যচিত্রেও এ দাবি উঠে এসেছে।

এরপর থেকেই পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে অস্পষ্ট অবস্থান বজায় রাখে। ইসরায়েল কখনো অস্ত্রের মালিকানা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে সরাসরি কোনো অবস্থান নেয়নি।

ইসরায়েলি-আমেরিকান ইতিহাসবিদ আভনার কোহেনের ভাষায়, সময়ের সঙ্গে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা বিশ্বের ‘সবচেয়ে কম গোপনীয় বিষয়’-এ পরিণত হয়েছে। তবে এই নীরবতার পেছনে শুধু কূটনৈতিক কৌশল নয়, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো এবং ওয়াশিংটন-তেল আবিব সম্পর্কের রাজনৈতিক হিসাবও কাজ করেছে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ সিএনএনকে বলেন, ইসরায়েল প্রকাশ্যে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ওপরও একই পথে এগোনোর চাপ তৈরি হতে পারে। এতে পুরো অঞ্চলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী।

বিশেষজ্ঞদের মতে, স্নায়ুযুদ্ধের সময় থেকেই এই গোপনীয়তার নীতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আশঙ্কা করেছিল, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হলে সোভিয়েত ইউনিয়নের সমর্থন নিয়ে আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিতে পারে। অন্যদিকে, পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রকাশ্যে আত্মপ্রকাশ করলে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক চাপের মুখে পড়তে হতো ইসরায়েলকে।

কিসিঞ্জারের স্মারকলিপিতে গোপন সমঝোতার ইঙ্গিত

পেনসিলভানিয়ার ইউরেনিয়াম কারখানা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার ঘটনা শনাক্ত হওয়ার বছরেই ইসরায়েল সফর করেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। সফরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি বিষয়টি যুক্তরাষ্ট্রের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত ওই আলোচনার সারসংক্ষেপে বলা হয়েছে, কিসিঞ্জারের দৃঢ় বিশ্বাস ছিল, ইসরায়েল ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে। এর আগে প্রেসিডেন্ট জন এফ কেনেডিও ইসরায়েলের এমন উদ্যোগ ঠেকানোর চেষ্টা করেছিলেন।

১৯৬৯ সালের জুলাইয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কাছে একটি স্মারকলিপি পাঠান কিসিঞ্জার। এর সঙ্গে যুক্ত প্রতিবেদনে মার্কিন শীর্ষ কর্মকর্তারা সতর্ক করেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে কোনো পক্ষের ক্ষোভ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা বেড়ে যেতে পারে। পরিস্থিতির কারণে নিক্সন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকিও দিয়েছিলেন।

তবে কিসিঞ্জার বুঝতে পেরেছিলেন, শুধু অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিয়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি থামানো কঠিন হতে পারে। এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্ষুব্ধ হতে পারত এবং দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও সংকট তৈরি হতে পারত।

অন্যদিকে, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি প্রকাশ্যে এনে কূটনৈতিক চাপ সৃষ্টি করলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ তুলতে পারত। এসব ঝুঁকি এড়াতে ওয়াশিংটন বিষয়টি নিয়ে অস্পষ্টতা বজায় রাখার পথ বেছে নেয়। একই সময়ে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করতেও অস্বীকৃতি জানায়।

কিসিঞ্জার তাঁর স্মারকলিপিতে লিখেছিলেন, ‘আমরা আসলে যা চাই, তা হলো ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের মালিকানা থাকার বিষয় যেন অন্তত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।’

ভানুনুর ফাঁস করা ছবিতে সামনে আসে দিমোনার গোপন তথ্য

১৯৮৬ সালে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। ওই বছর দিমোনা পারমাণবিক কেন্দ্রের সাবেক রিঅ্যাক্টর টেকনিশিয়ান মরদখাই ভানুনু দেশটির গোপন পারমাণবিক কর্মসূচির নানা তথ্য প্রকাশ করেন। স্থাপনাটির ভেতরের বেশ কিছু ছবিও তিনি যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস-এর কাছে তুলে দেন।

ভানুনুর প্রকাশ করা তথ্য ও ছবির মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তার অনেক বিষয় সামনে আসে। এরপরও দেশটি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে তাদের দীর্ঘদিনের অস্পষ্ট অবস্থান থেকে সরে আসেনি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: