ভেনেজুয়েলায় নিজেদের বিনিয়োগ করা দুটি তেল প্রকল্পের পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। দেশটির সান ক্রিস্টোবাল ও কারাবোবো তেল প্রকল্পের অপারেটরশিপ পেতে আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটির বিদেশি কার্যক্রম পরিচালনাকারী শাখা ওএনজিসি ভিডেশ। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এ বিষয়ে চুক্তি চূড়ান্ত হতে পারে বলে আশা করছে সংস্থাটি।
গত শুক্রবার আর্থিক ফলাফল প্রকাশের পর বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় এ তথ্য জানান ওএনজিসির পরিচালক (অর্থ) অনুপম আগরওয়াল। তিনি বলেন, প্রকল্পগুলোর অংশীদার প্রতিষ্ঠান এবং ভেনেজুয়েলা সরকারের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে। নতুন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অনুমোদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) থেকেও ছাড়পত্র পাওয়া গেছে। ফলে চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সান ক্রিস্টোবাল তেল প্রকল্পে ওএনজিসি ভিডেশের মালিকানা ৪০ শতাংশ। বাকি ৬০ শতাংশের মালিক ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনেজুয়েলা এসএ (পিডিভিএসএ)। অন্যদিকে কারাবোবো প্রকল্পে ভারতীয় প্রতিষ্ঠানটির অংশীদারত্ব ১১ শতাংশ।
অনুপম আগরওয়াল জানান, চুক্তি সম্পন্ন হলে সান ক্রিস্টোবাল প্রকল্পের সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব পাবে ওএনজিসি ভিডেশ। কারাবোবো প্রকল্পে অবশ্য যৌথভাবে পরিচালনার দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি। প্রকল্প দুটিতে কার্যক্রম শুরু করার জন্য তারা প্রস্তুত রয়েছে।
এদিকে ভেনেজুয়েলায় আটকে থাকা ৫০ কোটি ডলারের বেশি লভ্যাংশ উদ্ধারের বিষয়েও আশাবাদী ওএনজিসি। প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের পরিচালক জানান, প্রকল্প পরিচালনার দায়িত্ব পাওয়ার পর আটকে থাকা অর্থ পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, আগের ব্যবস্থায় ওএনজিসি ভিডেশের উৎপাদিত অপরিশোধিত তেল সরাসরি বিক্রি কিংবা উত্তোলিত তেল গ্রহণের অধিকার ছিল না। তেল বিক্রির নিয়ন্ত্রণ ছিল ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিডিভিএসএর হাতে। এ কারণে ভারতীয় প্রতিষ্ঠানটির প্রাপ্য লভ্যাংশ আটকে যায়।
নতুন ব্যবস্থায় ওএনজিসি ভিডেশ নিজেই প্রকল্প পরিচালনা, উৎপাদিত তেল গ্রহণ ও বিক্রির দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ভেনেজুয়েলা সরকারের প্রাপ্য রাজস্ব ও অন্যান্য আর্থিক দায় পরিশোধ করবে। এসব খরচ মেটানোর পর অবশিষ্ট অর্থ প্রতিষ্ঠানটির কাছে থাকবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের আটকে থাকা লভ্যাংশ উদ্ধারের পথ খুলবে বলে আশা করছে ওএনজিসি।
রাশিয়ায় আটকে থাকা লভ্যাংশের বিষয়ে অনুপম আগরওয়াল জানান, ভ্যানকর প্রকল্পে আটকে থাকা অর্থ ব্যবহার করে সাখালিন-১ প্রকল্পের পরিত্যক্তকরণ তহবিলসংক্রান্ত দায় মিটিয়েছে ওএনজিসি।
তিনি আরও জানান, রাশিয়ার সাখালিন তেলক্ষেত্রে বর্তমানে দৈনিক গড়ে ১ লাখ ৮৩ হাজার ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর আগেও উৎপাদনের পরিমাণ প্রায় একই ছিল। ২০২৫ সালের ডিসেম্বরে সাখালিন-১ প্রকল্পে পুনরায় যুক্ত হয় ওএনজিসি ভিডেশ।