দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের পালাংকারায়া শহরে দাবানলের ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণ দেখা দিয়েছে। কয়েক মাস ধরে চলা আগুনের ধোঁয়ায় ঢেকে আছে শহরের

2026-11-09T13:32:09+00:00
2026-11-09T13:32:09+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
একটি ঘরই শেষ আশ্রয়
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার জনজীবন
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৩২ পিএম 
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার জনজীবন
ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের পালাংকারায়া শহরে দাবানলের ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণ দেখা দিয়েছে। কয়েক মাস ধরে চলা আগুনের ধোঁয়ায় ঢেকে আছে শহরের আকাশ। দূষিত বাতাসের কারণে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে বাসিন্দাদের জন্য। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনেক পরিবার দিনের পর দিন ঘরের একটি কক্ষে নিজেদের বন্দি করে রাখছে।

পরিস্থিতি এতটাই গুরুতর যে কিছু পরিবার ঘরে বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র চালানোর পাশাপাশি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছে। শিশুদের শ্বাসকষ্ট কমাতে বাড়িতেই নিতে হচ্ছে নেবুলাইজারের সহায়তা।

এমন দুর্ভোগের মধ্যে রয়েছেন ২৭ বছর বয়সী আপ্রি ডোনা ইউসমেলিতা। পাঁচ মাস বয়সী সন্তান অ্যারেস আলেকজান্ডার দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছে। কাশির তীব্রতায় প্রায়ই বমি করছে শিশুটি। ফলে খাবারও ঠিকমতো হজম বা ধরে রাখতে পারছে না। শ্বাসকষ্ট সামাল দিতে বাড়িতেই নেবুলাইজার দিয়ে চিকিৎসা দিতে হচ্ছে তাকে।

দাবানল ছড়িয়ে পড়ার পর থেকে সন্তানদের নিয়ে বাড়ির একটি শয়নকক্ষেই অধিকাংশ সময় কাটাচ্ছেন আপ্রি। তাঁর আশঙ্কা, শিশুদের ফুসফুস বড়দের তুলনায় বেশি সংবেদনশীল হওয়ায় দূষিত বাতাসে তাদের ক্ষতি হতে পারে। তাই সন্তানদের খাওয়ানোসহ দৈনন্দিন প্রায় সব কাজ ওই ঘরেই সারছেন তিনি। ঘরের অন্য অংশেও ধোঁয়া ঢুকে পড়ায় সেখানে থাকাটাও নিরাপদ মনে হচ্ছে না। গত চার মাসে পরিবারের প্রায় অর্ধেক সময় কেটেছে ওই একটি কক্ষে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য কালিমান্তান প্রদেশের রাজধানী পালাংকারায়ায় প্রায় তিন লাখ মানুষের বসবাস। জুলাই থেকে আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল শহরটির স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে। অনেক বাড়ির জানালা প্লাস্টিক দিয়ে বন্ধ রাখা হয়েছে। শিশুদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কোনো কোনো পরিবার সন্ধ্যার দিকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছে।

শহরটির বাতাসে দূষণের মাত্রা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে। বাতাসে থাকা অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫-এর ২৪ ঘণ্টার গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের মধ্যে রাখার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অথচ পালাংকারায়ায় এই মাত্রা প্রায়ই ৩০০ মাইক্রোগ্রামে পৌঁছাচ্ছে। গত মাসে একটি স্বেচ্ছাসেবী দলের পরিমাপে তা তিন হাজার মাইক্রোগ্রামেরও বেশি পাওয়া যায়। দূষণ মাপার যন্ত্রের সর্বোচ্চ সীমা ৯৯৯ হওয়ায় চরম দূষণের সময় সেগুলোও সঠিক মাত্রা দেখাতে পারছে না।

সংকট মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবী ও আদিবাসী সংগঠনগুলো এগিয়ে এসেছে। রনু ওয়েলুম ফাউন্ডেশনসহ কয়েকটি সংগঠন বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র, অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার-সুবিধাসহ ১৪টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। সেখানে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের আশ্রয় দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থদের পাঠানো হচ্ছে হাসপাতালে। স্বেচ্ছাসেবীদের ভাষ্য, অনেক মানুষ এসব কেন্দ্রে আসছেন কেবল কিছুটা স্বস্তিতে শ্বাস নেওয়ার জন্য।

পালাংকারায়ার এই দুর্যোগের প্রভাব ইন্দোনেশিয়ার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। বন ও পিটভূমিতে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া পৌঁছেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই, পূর্ব তিমুর, ফিলিপাইন ও ভিয়েতনামের কিছু এলাকায়। দূষণের কারণে বিভিন্ন স্থানে স্কুল বন্ধ রাখতে হয়েছে। শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে যাওয়া মানুষের সংখ্যাও বেড়েছে।

চলতি বছরের দাবানল সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বলে উঠে এসেছে স্যাটেলাইটভিত্তিক বিশ্লেষণে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় প্রায় ১৯ লাখ হেক্টর বন ও পিটভূমি আগুনে পুড়েছে। জমি পরিষ্কারের জন্য আগুন ব্যবহার করাকে দাবানলের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পাম তেলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের জমি তৈরি করতে অনেক ক্ষেত্রে বনভূমির গাছপালা পুড়িয়ে ফেলা হয়। এর সঙ্গে এল নিনোর প্রভাবে স্বাভাবিকের তুলনায় শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

দাবানলের প্রভাবে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি প্রদেশে ২১ অক্টোবর পর্যন্ত তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা ৭৫ হাজারের বেশি।

অন্যদিকে, পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের হিসাব অনুযায়ী, দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণের কারণে শুধু সেপ্টেম্বরেই ইন্দোনেশিয়ায় আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি গবেষণাভিত্তিক অনুমান, নিশ্চিতভাবে শনাক্ত মৃত্যুর সংখ্যা নয়।

বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়ায় থাকা অতি সূক্ষ্ম কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশতে পারে। দীর্ঘদিন এমন দূষিত বাতাসে শ্বাস নিলে হৃদ্‌রোগ, ফুসফুসের কার্যক্ষমতা হ্রাসসহ নানা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। শিশুদের জন্য এই ঝুঁকি আরও বেশি।

দাবানল নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়া সরকার অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করেছে। আগুন লাগানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু বছরের পর বছর একই ধরনের দাবানল ও ধোঁয়ায় জনজীবন বিপর্যস্ত হলেও কার্যকর স্থায়ী সমাধান অধরাই রয়ে গেছে। পর্যাপ্ত প্রস্তুতি ও নজরদারির ঘাটতি নিয়েও প্রশ্ন উঠেছে।

পালাংকারায়ার বাসিন্দাদের কাছে এখন সবচেয়ে বড় লড়াই স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া। বাইরে বিষাক্ত ধোঁয়ার আস্তরণ, ঘরের ভেতরেও দূষিত বাতাসের অনুপ্রবেশ—এমন পরিস্থিতিতে শিশুদের নিয়ে একটি ঘরে আশ্রয় নেওয়াই অনেক পরিবারের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: