ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া বা নবায়নের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশ তাঁকে ভারতের কাছ থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায়।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাঁর পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি, বিশেষ করে হত্যার দায়ে দণ্ডিত কেউ এ ধরনের আবেদন করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। এ বিষয়ে ভারতকে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। কোনো লবিস্ট শুধু অর্থের বিনিময়ে তাঁর পক্ষে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে ভারত থেকে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর আইনজীবীরা এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর এই প্রথম নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন তিনি।