কৃষকের উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতিকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষিবান্ধব। বিএনপি মনে করে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে এই সংরক্ষণাগার।
দুলু বলেন, ক্ষমতায় আসার আগেই তারেক রহমান কৃষকদের ঋণমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের আগে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদমুক্ত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। তাঁর দাবি, সরকার ইতোমধ্যে কৃষকদের ঋণমুক্ত করেছে। কৃষকদের উৎসাহিত করা ও তাঁদের স্বার্থ রক্ষায় বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকের জীবনমান ও কৃষি উৎপাদন ভালো না থাকলে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।
কৃষি খাতে সরকারের বরাদ্দ ও উদ্যোগের কথা তুলে ধরে হুইপ বলেন, কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। সারের সংকট কমাতে প্রতিটি ইউনিয়নে কৃষকদের জন্য পৃথক সার ডিলারের সংখ্যা বাড়ানো হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হবে, যাতে কৃষকদের সার সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়।
অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন-২০২৩ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটির সম্মেলন প্রচারাভিযানে অংশ নেন হুইপ দুলু।