এমপিওভুক্ত শিক্ষকদের বেতনবৈষম্য দূর করে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো একই হারে নতুন পে-স্কেল দেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকেরা অল্প সময়ের মধ্যেই নতুন পে-স্কেল পাবেন।
রোববার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, ‘আমরা এ বছর সর্বাধিক বাজেট পেয়েছি। আমরা সবাই এবার নতুন পে-স্কেল পেয়েছি। আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা যে জায়গাটিতে খানিকটা দুর্বলতায় ছিলেন, তা দূর করে সবাই মিলেই একই পে-স্কেল পেতে যাচ্ছেন। শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করব।’
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের শিক্ষা ব্যবস্থা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পড়বে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুত হতে হবে। বিশ্ব এখন একটি গ্রাম বা ‘গ্লোবাল ভিলেজ’; প্রতিনিয়ত আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে এগোতে হচ্ছে বাংলাদেশকে।
তিনি জানান, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশ থেকে ৩৪৭ জন স্থান পেয়েছেন। এসব বিজ্ঞানীকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাঁদের গবেষণা, লেখালেখি ও গবেষণাপত্রের ভিত্তিতে শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।
শিক্ষকদের গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষকতার পাশাপাশি তাঁদের গবেষণায় মনোযোগী হতে হবে এবং পিএইচডি অর্জনের চেষ্টা করতে হবে। তবে কর্মজীবনের শুরুতেই নয়; প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের পর অধ্যাপক পর্যায়ে পৌঁছে ধারাবাহিকভাবে গবেষণায় যুক্ত হওয়ার কথা বলেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানো জরুরি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে, যাতে এর অপব্যবহার না হয়।