কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে এসব শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
অন্যদিকে, গত ৫ নভেম্বর থেকে পোশাকশ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ শুরু হয়েছে। রোববার অধিকাংশ কারখানায় বেতন দেওয়া হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
শিল্প পুলিশের মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইসরাইল হাওলাদার জানান, শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ার দু-একটি কারখানায় সমস্যা দেখা দেওয়ায় সেগুলোতে ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন।
তিনি আরও বলেন, রোববার শিল্পাঞ্চলগুলোতে কোনো বিক্ষোভ, সংঘর্ষ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।