চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে ৩ লাখ টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান, সিদ্ধ চাল ও আতপ চালের সংগ্রহমূল্যও ঘোষণা করেছে সরকার।
রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানান।
ঘোষিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। মোট চাল সংগ্রহের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে, যা চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এ কার্যক্রমও শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।
গত বছর প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল সরকার। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান ও ৯ লাখ মেট্রিক টন চাল কেনা হয়েছিল।
খাদ্যমন্ত্রী জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের খাদ্য পরিস্থিতি, খাদ্যশস্যের মজুদ, সরকারি বিতরণব্যবস্থা, আমদানি এবং আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুধা ও দারিদ্র্য দূর করার পাশাপাশি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করাও সরকারের লক্ষ্য।
কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এবারের সংগ্রহ অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী।