সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটির উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোচনাসভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খরব;
মানিকগঞ্জ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
মাভাবিপ্রবি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সকালের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। এ ছাড়া দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে র্যালি, আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে । উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল শনিবার সকালে পৌরসভা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মো. মজিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তলন করে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসল ড.এ বি এম সাইফুল ইসলাম। আলোচনা সভার শুরুতে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। গতকাল সকালে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে সকালে সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সিঙ্গাপুর থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।
পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার জাতীয় বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস স্মরণীয় হয়ে আছে। এই বিপ্লবের ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে জাতীয়তাবাদী রাজনীতি, বহু দলীয় গণতন্ত্র ও বাকস্বাধীনতার ভিত্তি সুদৃঢ় হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামানের সঞ্চারণায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) সংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।
মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোয়েল রানা প্রমুখ।
লাখাই (হবিগঞ্জ) : হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা গতকাল শনিবার দুপুর বেলায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন থানা মসজিদ এর ইমাম মাওলানা মহিবুর রহমান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আবুল কাসেম।
পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সাকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের ঐতিহাসিক ঘটনাবলি আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।
ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি সাজ্জাদ পারভেজ, অফিসার ইনচার্জ জনাব মমতাজুল হক, স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ হাসান প্রমুখ।
কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদার, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা এস এম দুলালসহ অন্যান্য মুক্তিযোদ্ধা।
কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল খেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ।
তাহিরপুর (সুনামগঞ্জ) : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। এ সময় জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী, সহকারী কমিশনার (ভূমি) এসআরএম আলিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন প্রমুখ।
অভয়নগর (যশোর) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে যশোরের অভয়নগরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল প্রমুখ।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে জেলা বিএনপির আয়োজনে ‘সার্বভৌমত্ব’ র্যালি বের করা হয়। র্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়া বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মীরসরাই (চট্টগ্রাম) : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ এলাকায় একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে কালেক্টরেট চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গানের আসরের আয়োজন করা হয়। জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
ঝিনাইদহ : ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মাগুরা : মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা বিএনপি। গতকাল সকালে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় শহরের নোমানী ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর প্রমুখ।
মোহনগঞ্জ (নেত্রকোনা) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার মোহনগঞ্জ মাল্টি পারপাস হল রুমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। দিবস উদযাপন উপলক্ষে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংক প্রতিযোগিতা, জাতীয় শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া, মন্দির-গীর্জায় প্রার্থনা ও হাসপাতাল এবং এতিম খানায় খাবার বিতরণ। পরে উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জুম মিটিং প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান প্রমুখ।
কবি নজরুল কলেজ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলেজ অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. সিরাজুর রাসুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ।