বরগুনার আমতলীতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে শনিবার সকালে এ মিছিল করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। তবে মিছিলের সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে ছাত্রলীগ কর্মী মো. মাজহারুল ইসলাম নবাব তালুকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আমতলী-কুয়াকাটা মহাসড়কের ছুরিকাটা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শেখ হাসিনার ছবি ও ব্যানার নিয়ে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর থেকে আমতলী উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল-মিটিং করতে পারছেন না। তবে চলতি বছরের জুলাই থেকে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আমতলী-কুয়াকাটা মহাসড়কসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ছাত্রলীগ কর্মী মো. মাজহারুল ইসলাম নবাব তালুকদার বলেন, ‘আমতলীর মাটি শেখ হাসিনার ঘাঁটি। এ ঘাঁটিতে দ্রুত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। তাঁকে ফিরিয়ে আনার দাবিতেই এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।’
আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল মতিন খাঁন বলেন, ছাত্রলীগ কর্মী মাজহারুল ইসলাম নবাব তালুকদারের নেতৃত্বে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
তবে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ছাত্রলীগের মিছিলের সত্যতা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে বলে তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।