ময়মনসিংহের নান্দাইলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে। দেশের জনগণ কোনো অন্যায় ছাড় দেবে না।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কুচক্রী মহলের হাত থেকে মুক্ত করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলের বিশৃঙ্খলা ও অরাজকতার বিপরীতে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন।
বিগত সরকারের কঠোর সমালোচনা করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা দেশের লক্ষ-কোটি টাকা পাচার করেছেন এবং গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, শিশু, নারী ও পুরুষ হত্যার বিচার এ বাংলার মাটিতেই হবে। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এখন আসেন। আপনার আসতে হবে না, আমরা নিয়ে আসব। হেঁটে হেঁটে আসবেন। বাংলাদেশে আসতেই হবে। ‘আসব, আসব’ বলে না এসে পার পাওয়া যাবে না। প্রয়োজনে আমরা টিকিট দেব। দেশে ফিরতে হলে হ্যান্ডকাফ পরেই আসতে হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই ভূলুণ্ঠিত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, অ্যাডভোকেট এমএ সালাম প্রমুখ।
নান্দাইলের স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এলাকার উন্নয়নে ইতোমধ্যে ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে এবং আরও ১০৪টি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া রাস্তাঘাট সংস্কারের জন্য সাড়ে ১১ কোটি টাকার বিশেষ অনুদান আনা হয়েছে। গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, বিভিন্ন সেতু ও কালভার্ট নির্মাণ এবং ২৩টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।
সমাবেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্রের পক্ষে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।
মহাসমাবেশে নান্দাইল উপজেলা, পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।