সিলেটে পূর্বনির্ধারিত সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে হঠাৎ বুকে ব্যথা ও শরীরে ঝিমঝিম অনুভব করলে কর্মসূচি স্থগিত করা হয়। প্রথমে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনের সময় মন্ত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, শুক্রবার বিকেলে হাসপাতালে মন্ত্রীকে দেখতে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির একটি প্রতিনিধি দল।
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রীর ঘনিষ্ঠজন ইশতিয়াক সিদ্দিকী জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হবে।
মন্ত্রীর অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তাঁর পূর্বনির্ধারিত সফর কর্মসূচি বাতিল করা হয়েছে।