সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরার সিজার মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল অভিযান চালায়। কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার সিজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।
এরপর ৬ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে একই বিওপির আরেকটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় আরও ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ লাখ ৪ হাজার টাকা।
বিজিবির পৃথক দুটি অভিযানে মোট ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং গোয়েন্দা তৎপরতা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।