দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৯০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন রসুলপুর ও চৌঠা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করেন।
শুক্রবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জব্দ করা ৯০৬ বোতল সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে।