বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকটি স্বাক্ষর করে বাংলাদেশের ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)।
বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং এতে স্বাক্ষর করেন।
এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে অবকাঠামো নির্মাণ, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও যৌথ সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, মোংলা সফরে প্রধানমন্ত্রীর আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি সঞ্চারের সম্ভাবনা তৈরি হবে।